
মোহাম্মদ খোরশেদ হেলালি:
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনে পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দের শুভক্ষণে নববর্ষকে আলিঙ্গন করা হয়েছে। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সার্বিক তত্ত্বাবধানে এ উপলক্ষে গত ১৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার আয়োজিত বৈচিত্রময় কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল- বর্ণিল শোভাযাত্রা, বৈশাখী মেলা, বাঙালীর ঐতিহ্য ও কৃষ্টি লালিত কেতাদূরস্ত বাঙালীয়ানা সমাবেশ, বাঙালীয়ানা সংস্কৃতি নির্ভর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নিবাসী শিশুদের মাঝে ঐতিহ্যবাহী বাঙ্গালীয়ানা ভোজ পরিবেশন, দোয়া ও ইফতার মাহফিল। এ উপলক্ষে সকাল ৮টায় বর্ণিল শোভাযাত্রার মধ্যেদিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানায় কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী এবং নিবাসী শিশুদল। অনুষ্ঠিত শোভাযাত্রায় বাঙালীয়ানার মাটি ও মানুষের বর্ণিল সাজে সজ্জিত শিশুদের সমাবেশে নানা রঙের ফেস্টুন, ঘোড়া, পেঁচা, বাঘ, হাতি, নজরকাড়া নকশাসমূহ, শাপলা, দোয়েলসহ ইত্যাদি বৈচিত্র্যময় প্রতীকগুলো যেন বর্ষবরণ উৎসব উদযাপনে প্রকৃতই অনন্য মাত্রা যোগ করেছে। অতঃপর সকাল ৯টায় কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে গ্রাম বাংলার সুপরিচিত নানা ধরণের ক্ষুদ্র ক্ষুদ্র পসরা সাজিয়ে আবহমান কালের ঐতিহ্যকে বর্ষবরণের উৎসবে সন্নিবেশ ঘটিয়ে আয়োজন করা হয় উপভোগ্য বৈশাখী মেলার। মেলার মাধ্যমে কেন্দ্রের নিবাসী বালক ও বালিকা শিশুদের কুশিলবে বাঙালীয়ানার কেতাদূরস্ত আকর্ষণীয় বেশভূষায় গ্রাম বাংলার শ্রমজীবী ও পেশাজীবী মানুষের জীবনযাত্রা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে গৌরবের সাথে উপস্থাপন করা হয়। অতঃপর মেলার পসরা গুটিয়ে বাঙালীয়ানা সংস্কৃতির পরিচায়কে নিবাসী শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলেই বিমুগ্ধচিত্তে উপভোগ করেন। অনুষ্ঠানের শেষভাগে শিশুদের মাঝে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাঙালীয়ানা ভোজ। বাঙালীয়ানা ভোজের আয়োজনের তালিকায় ঠাঁই পেয়েছে বাঙালীর ঐতিহ্যবাহী পান্তা ভাত, রুই মাছ ভাজি পিঁয়াজ বেরেস্তা টমেটোসহ, পাটশাক দিয়ে মশুর ডাল এর চচ্চড়ি, কাঁচা মরিচ ভর্তা, পুদিনা পাতা ভর্তা, আলু ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, করল্লা ভাজি, কাঁচা কাঁঠাল ও কাঁচা চিংড়ি দিয়ে নানা রকম সবজি এবং ডালের পাচন। এসময় শিশুদের মাঝে কলরব ওঠে- “আবার আসলো বৈশাখ মাস, চৈতের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রাণে। মনের যত গ্লানি ভুলে, জীবন গড় নতুন ভাবে। নতুন নতুন স্বপ্ন দেখো, নববর্ষের টানে।”
এছাড়াও বাদ আসর রোজাদার শিশুদের নিয়ে মনোরম পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা বছরের প্রথম দিবসের সমগ্রজুড়ে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পুরো প্রাঙ্গনে বাঙালীয়ানার রমরমা পরিবেশের মাতম ভেসে আসে।











