
সিবিকে ডেস্কঃ
প্রায় তিন বছর ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছিলেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলের সে লড়াই থেমে গেল। মাত্র ৪০ বছর বয়সে চলে গেলেন এ স্পিনার।
মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারের চিকিৎসা চলে মোশাররফ রুবেলের। জাতীয় দলের সাবেক এ স্পিনার গত মাসের শেষ দিকে ভর্তি হন আইসিইউতে।
রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি শুরু হয় ডিহাইড্রেশন, সঙ্গে কিডনির কারণে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয় রুবেলের। এক সপ্তাহ আইসিইউতে থাকার পর কেবিনে নেয়া হয় তাকে।
২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলে কেমোথেরাপি।
২৪টি কেমোথেরাপি নেন রুবেল। অক্টোবরে সবশেষ কেমো নেন তিনি। তবে শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে।
বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত ক্যারিয়ারে ৫টি ওয়ানডে খেলেন রুবেল। ২০১৬ সালে জাতীয় দলের জার্সিতে সবশেষ খেলেন রুবেল। ৫ ওয়ানডে ম্যাচে ৪ উইকেট নেন তিনি। ২০০১ সালে অভিষেকের পর ১১২ ফার্স্ট ক্লাস ম্যাচে পেয়েছেন ৩৯২ উইকেট।













