উখিয়ায় ২১ কোটি টাকার ইয়াবা উদ্ধার: আটক ৫

0
4

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় একটি ইয়াবা পাচার চক্রের কাছ থেকে ৬ লাখ ৯০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়ানের সদস্যরা। যার আনুমানিক মূল্য ২১ কোটি টাকা বলে জানা গেছে। এসময় চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

শুক্রবার (২২ এপ্রিল) উখিয়ায় বিভিন্ন সময় পৃথক অভিযানে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২৩ এপ্রিল)  এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো মেহেদি হোসাইন কবির। তিনি জানান, একটি চক্র মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা এনে মজুদ করার খবর পায় বিজিবি। এর ভিত্তিতে ১৯ এপ্রিল থেকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর অংশ হিসেবে শুক্রবার গর্জনবুনিয়া করবুনিয়া এলাকার ইয়াবা গডফাদার মো. ইকবাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গোপন কুঠুরি থেকে ৫০ হাজার পিচ উদ্ধার করা হয়। এসময় চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন— উখিয়ার জালিয়াপালংয়ের পাইন্যাশিয়া (চরপাড়া) এলাকার মৃত-কবির আহামদের পুত্র মো. মাহবুব (৩০), করাইবুনিয়া বাসিন্দা গড়ফাদার ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), আলী আহামদের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও চাকবৈঠা এলাকার মো. কালু মিয়ার পুত্র রফিক উল্লাহ (২১)।

পরে আটকদের স্বীকারোক্তি মোতাবেক রেজুপাড়া ও গর্জনবুনিয়া বিওপির সীমান্তের গহীন পাহাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয় লাখ ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে পৃথক অভিযান চালিয়ে রেজুপাড়া বিওপি এলাকা থেকে আরো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। এসময় মো. রফিক আলম (৩০) নামে  একজনকে আটক করা হয়। তার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলায়।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির জানিয়েছেন, উদ্ধার হওয়া ৬ লাখ ৯০ হাজার ইয়াবা আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আগেবর্ধিত সভায় আ.লীগের তিন নেতাকে পেটালেন সাবেক এমপি বদি
পরেসাংবাদিকদের লেখনি হতে হবে সত্য ও ন্যায়ের পক্ষে