
সিবিকে ডেস্কঃ
সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগ এনে শিক্ষামন্ত্রীর ভাই ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন জেলা প্রশাসক। আগামী ৩১ মে এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সদর উপজেলা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে সরকার পক্ষে এই মামলার বাদী হয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তাদের বিরুদ্ধে চাঁদপুরের হাইমচরে মেঘনার দুর্গমচরে প্রায় সাড়ে ৪৮ একর সরকারি জমি আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
মামলায় শিক্ষামন্ত্রীর বড়ভাই ডা. জাওয়াদুর রহিম টিপু ছাড়াও আরো ২৫ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন পাটোয়ারী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন সরদারও রয়েছেন।
মামলার বিবরণীতে জানা গেছে, হাইমচর উপজেলার মেঘনার দুর্গমচরের সোনাপুর-তাজপুর প্রকাশ্যে বাহেরচর মৌজায় বিগত ১৯৫০ সালে চর জেগে ওঠে। যা পরে পয়স্তি ভূমি হিসেবে চিহ্নিত হয়। সরকারি খাস জমি হওয়ায় এ, বি ও সি ক্যাটাগরি করে তা স্থানীয় কৃষকদের মধ্যে ইজারা প্রদান করা হয়। কিন্তু এক নম্বর বিবাদীসহ অন্যরা ভুয়া ও জাল দলিল তৈরি করে সেখানে প্রায় সাড়ে ৪৮ একর জমি হাতিয়ে নেন।
বিষয়টি ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের নজরে পড়ে। সবকিছু যাচাই-বাছাই করে সরকারি জমি উদ্ধারে এই দেওয়ানি মামলা দায়ের করা হয়।
অভিযোগের প্রধান প্রতিপক্ষ ডা. জাওয়াদুর রহিম টিপু বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। সঙ্গে তাঁর বোন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও রয়েছেন। ডা. জাওয়াদুর রহিম টিপু চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন।













