
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের কোনো টিভি চ্যানেল একসঙ্গে একাধিক বিদেশি সিরিয়াল সম্প্রচার করতে পারবে না। দেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-কৃষ্টি রক্ষায় এ সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে জানিয়ে দেয়া হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি’র তৃতীয় সম্প্রচার সম্মেলনে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা প্রান্তে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যম দেশের অন্যতম পথপ্রদর্শক, যা কোনোভাবেই মালিকপক্ষের স্বার্থরক্ষায় ব্যবহৃত হওয়া উচিত নয়। একইসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইনের পরিবর্তন-পরিবর্ধনে সাংবাদিকদের সঙ্গে সরকার একমত এবং সাংবাদিকদের শীর্ষ সংগঠনের লিখিত প্রস্তাবনার অপেক্ষায় রয়েছে।













