নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শিবিরে ডেঙ্গু আক্রান্তের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। এখন প্রতি সপ্তাহেই আক্রান্তের হার হাজার ছাড়িয়ে গেছে। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের মাঝেও ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ছে। কক্সবাজার জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নতুন ৮ জন রোগী ভর্তি হয়েছে।
এখন এই হাসপাতালে ২৫ জন রোগী চিকিৎসাধীন এবং এর মধ্যে ৬ জন রোহিঙ্গা বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মো. মোমিনুর রহমান। হাসপাতালে শিশু ওয়ার্ডের চিকিৎসক আব্দুল মজিদ জানান, সাধারণ ওয়ার্ডের পাশাপাশি শিশু ওয়ার্ডেও প্রতিদিন ডেঙ্গুরোগী আসছে। তবে বেশিরভাগই রোহিঙ্গা।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে গত সপ্তাহে চার বছর বয়সী এক রোহিঙ্গা শিশু মারা গেছে।
ওই শিশুর নাম জিসমা আক্তার। তার বাবার নাম কলিমউল্লাহ। এটিই রোহিঙ্গা শিবিরে ডেঙ্গুতে প্রথম কোনো রোগীর মৃত্যু বলে জানান তিনি।সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার নিচ্ছে।