দেশ ছেড়ে পালানোর চেষ্টা শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর, বাধা দিল বিক্ষোভকারীরা

0
10

অনলাইন ডেস্কঃ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ছোটভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে গোপনে দুবাই পালাতে চেয়েছিলেন, কিন্তু দেশটির বিক্ষোভকারীদের বাধায় সেই চেষ্টা ভেস্তে গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে তাকে ফিরে যেতে হয় বলে এক প্রতিবেদনে জানায় ভারতের দুই সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, মঙ্গলবার সকালে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল। কিন্তু বিমানবন্দরে থাকা লোকজন তাকে চিনে ফেলায় অল্প সময়ের মধ্যেই একদল বিক্ষোভকারী বিমানবন্দর ঘেরাও করে অবস্থান নেন। এই পরিস্থিতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বাসিল রাজাপাকসেকে বিদেশভ্রমণজনিত ক্লিয়ারেন্স দিতে অপারগতা জানালে বিমানবন্দর থেকে ফিরে যেতে বাধ্য হন শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী।

বর্তমানে তিনি কোথায় আছেন, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি—তবে এই ঘটনার পর  কলম্বোর গুরুত্বপূর্ণ রাজপথ ও তল্লাশিচৌকিতে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারী। শ্রীলঙ্কার কোনো রাজনৈতিক নেতা, বিশেষ করে রাজাপাকসে পরিবারের অন্য কোনো সদস্যের পালিয়ে যাওয়া ঠেকাতেই এই অবস্থান।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না। এই দুরাবস্থার জন্য দেশটির অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার  বড়ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন সরকারকে দায়ী করছেন।

আগেসড়ক থেকে উল্টে গেলো ইসলামী বক্তা নুরে বাংলার গাড়ী, আহত- ২
পরেনিরুপম মজুমদার রামু’র নতুন এসি ল্যান্ড