
সিবিকে ডেস্কঃ
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে। এমন অবস্থায় মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে।
সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তৌফিক-ই-এলাহী চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, জ্বালানি তেলের লোকসান কমাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেসব এলাকায় লোডশেডিং থাকবে তা আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে। দিনে অন্তত এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে। আর রাত ৮টার পর দোকান বন্ধ থাকবে। মসজিদে এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।
সভায় আরও উপস্থিত ছিলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।













