
সিবিকে ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।
ইসির অতিরিক্ত সচিব বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সব দলের মতামত আমলে নিয়েই নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন নির্বাচন কমিশনের কাছে দেড় লাখ ইভিএম আছে। সেটা দিয়ে ৭০-৭৫টি আসনে ভোট করা যাবে। আর আসন সংখ্যা নির্ভর করে ভোটারের সংখ্যার ওপর। ছোট আসন হলে ইভিএম কম লাগবে। বেশি ভোটার হলে ইভিএম বেশি লাগবে।’
বর্তমানে যত ইভিএম আছে, সেগুলো দিয়ে দেড়শ’ আসনে ভোট করা যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘আমরা তো বলিনি ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। অনধিক ১৫০ আসন বলেছি। এক্ষেত্রে দরকার হলে ইভিএম ক্রয় করতে হবে। কেনার বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিলে সচিবালয় সেই পদক্ষেপে যাবে। প্রকিউরমেন্টের পথে আমরা যাবো।’
প্রকিউরমেন্টের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আরও ইভিএম লাগবে। সেক্ষেত্রে প্রকিউরমেন্টে যাবো। আমরা এখন থেকে এই উদ্যোগ নেবো।’
কোন কোন ‘কোন কোন আসনে ইভিএম হবে তা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি এখনই বলা যাবে না। নির্বাচনের শিডিউল ঘোষণার পর বলা যাবে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক সংলাপে কতগুলো দল ইভিএমের পক্ষে-বিপক্ষে আলোচনা করেছে, কমিশন সভায় সেটা নিয়ে আলোচনা হয়নি। তবে অভ্যন্তরীণভাবে বিষয়টি আলোচনা করে সব বিষয় আমলে নিয়ে সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।













