
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি মৌলভী জকোরিয়া (৫৩) চট্টগ্রাম কারাগারে মারা গেছেন। মৃত মৌলভী জকোরিয়া উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। কক্সবাজার কারাগারের জেলার কামাল উদ্দিন বলেন, জকোরিয়া মুহিবুল্লাহ হত্যা মামলার ১৪ নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সপ্তাহ খানেক আগে আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহকে পৃথিবীকে সরিয়ে দেওয়ার ফতোয়া দিয়ে আত্মগোপনে চলে যান মৌলিভী জকোরিয়া। চলতি বছরের ৫ মার্চ মহিবুল্লাহকে হত্যার ফতোয়া দেওয়ার অভিযোগ এনে উখিয়ার লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্পে থেকে তাকে গ্রেফতার করে ১৪ এপিবিএন। গ্রেফতারের পর পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা তৈরির মদদদাতাদের একজন শীর্ষ পরামর্শক হিসেবে জকোরিয়াকে বিবেচনা করা হয়।
রোহিঙ্গাদের কথিত উগ্রপন্থী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) ওলামা কাউন্সিলের প্রধান হিসেবে আরসা প্রধানের নির্দেশনায় মহিবুল্লাহকে হত্যার জন্য ফতোয়া দেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেন জকোরিয়া।












