
টেকনাফ প্রতিনিধি:
অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজার টেকনাফের বাহারছড়ার অদূরে বোট ডুবির ঘটনায় নিখোঁজ ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৮ জন নারীসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।
টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই বোট ডুবির ঘটনায় কয়েকজন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে তিনজন নারীর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের তাদের পরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ভোরের দিকে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট এলাকায় মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই একটি বোট ডুবে যায়। খবর পেয়ে ৪৫ জনকে জীবিত উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। তাদের মধ্যে ৮ জন নারী রয়েছেন। ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরো যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে অভিযান জোরদার রাখা হয়েছে।













