
সিবিকে ডেস্কঃ
দেশে গণতন্ত্র ফেরাতে বিএনপির হাজারো নেতাকর্মী প্রাণ দেবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। ইতিমধ্যে আমাদের সাত জন কর্মী প্রাণ দিয়েছে। আমরা হাজারো লোক প্রাণ দেব আগামীতে। গণতন্ত্রকে অবশ্যই আমরা ফিরিয়ে আনব।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত নাজির উদ্দিন জেহাদের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তৎকালীন ডাকসুর ভিপি আমান উল্লাহ আমানের নেতৃত্বে ছাত্র ঐক্যের নেতৃবৃন্দসহ ছাত্র দলের নেতাকর্মীরা দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতি চত্বরে পুস্পমাল্য অর্পণ করেন।
এসময় সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে, বোধদয় করেন। কয়েকটি মিটিংয়ে আমি বলেছি, সেইফ এক্সিজিট করেন, চলে যান, ক্ষমতা ছাড়েন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন, সংসদ বিলুপ্ত করেন। নতুন তত্ত্বাবধায়ক সরকার, নতুন নির্বাচন কমিশন গঠনে করে নতুন পার্লামেন্ট ইলেকশন দেন। তারা নতুন করে সরকার গঠন করবে, দেশে নতুন একটা সরকার ব্যবস্থা চালু হবে। তা না হলে পালাবার পথটাও খুঁজে পাবেন না। এখনই সময় আছে সেটা করেন। তা না হলে পালাবার পথও খুঁজে পাওয়া যাবে না।
রাজপথেই ফয়সালা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের ওপর আমাদের আস্থা আছে। আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ কোনোদিন অন্যায়কে মেনে নেয়নি, কোনোদিন গণতন্ত্রের বিরুদ্ধে তারা কাউকে জয়ী হতে দেয়নি। গণতন্ত্রের পক্ষে তারা লড়াই করেছে আজ থেকে নয়, দীর্ঘকাল থেকে, শতবর্ষ থেকে। সেই দেশের মানুষ জেগে উঠছে। এখন আর বলতে হয় না যে, জেগে ওঠ।
তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের কল্যাণের জন্য কাজ করে, জনগণের পক্ষে কাজ করে। আসুন, আমরা সেই লক্ষ্যে আজকে জেহাদকে এবং ৯০‘র যারা শহীদ হয়েছেন তাদের এবং এই গণতন্ত্র ফেরানো আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে আর কোনো পেছন দিকে না তাকিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই ভয়াবহ দানবকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।
জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি নব্বই সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও খায়রুল কবির খোকনের পরিচালনায় আলোচনা সভায় সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, সাইফুদ্দিন মনি, খোন্দকার লুতফর রহমান, আসাদুর রহমান খান, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সপু, আমিরুল ইসলাম খান আলীম, সুলতান সালাহউদ্দিন টুকু, শহিদুল ইসলাম বাবুল, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্র দলের সাইফ মাহমুদ জুয়েল, উলামা দলের শাহ নেছারুল হক, জেহাদের ভাই কে এম শরীফ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।













