
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে তপন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার পরে দ্বি–বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বাংলানিউজডটকম’র ডেপুটি এডিটর তপন চক্রবর্তী ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ পেয়েছেন ১০৫ ভোট। এছাড়া অপর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আসিফ সিরাজ পেয়েছেন ৭২ ভোট এবং নাজিমুদ্দীন শ্যামল পেয়েছেন ১৮ ভোট।
সর্বোচ্চ ২৩৮ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি পদে বিজয়ী হয়েছেন রুবেল খান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন কান্তি দেবাশীষ পেয়েছেন ১৩২ ভোট।
সিইজে’র নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ
১৯৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী টেলিভিশনের ব্যুরো চিফ অনিন্দ্য টিটো। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হুদা মিন্টু পেয়েছেন ১৭২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের চিফ রিপোর্টার সবুর শুভ পেয়েছেন ১২২ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বী একাত্তর টেলিভিশনের মাঈনুদ্দিন দুলাল পেয়েছেন ৬১ ভোট।
১৭৪ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা’র ব্যুরো চিফ সাইদুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ পেয়েছেন ১৩৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী স্বরূপ ভট্টাচার্য পেয়েছেন ৬১ ভোট।
অর্থ সম্পাদক পদে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কর্ণফুলীর মুজাহিদুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর পেয়েছেন ১৭৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহরম হোসাইন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার সুবল বড়ুয়া পেয়েছেন ১২৯ ভোট। অন্য প্রার্থী ভোরের কাগজের স্টাফ রিপোর্টার প্রীতম দাশ পেয়েছেন ১১২ ভোট।
২২৯ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নিউ এজ’র স্টাফ করেসপন্ডেন্ট সরওয়ার কামাল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এশিয়ান টাইমসের ব্যুরো চিফ মিজান ইউসুফ পেয়েছেন ১২৯ ভোট।
নির্বাহী সদস্য পদে আলাউদ্দিন হোসেন দুলাল ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশু রায় চৌধুরী পেয়েছেন ১৫১ ভোট।
জানা যায়, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের মোট ভোটার ৪২৬ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন তিনজন। ভোট কাস্ট হয়েছে ৩৭৪ ভোট ও বাতিল হয়েছে তিন ভোট।
এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মূলতবি সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির নিজাম উদ্দিন আহমদ, নুরুল আমিন, মোরশেদ আলম ও কামাল পারভেজ। প্রার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, নবনির্বাচিত সভাপতি তপন চক্রবর্তী, সভাপতি প্রার্থী আসিফ সিরাজ, নর্বনির্বাচিত সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহ-সভাপতি শহীদুল আলম। এসময় বিজয়ীদের ফুল দিয়ে বরণ করা হয়।
নির্বাচিত সকলকে শুভেচ্ছা জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক চৌধুরী ও বিদায়ী সভাপতি মোহাম্মদ আলী।











