
সিবিকে ডেস্কঃ
ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশন যুক্ত করার বিষয়ে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। এতে বাংলাদেশসহ ১৪৩টি দেশ ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল ভারত ও চীনসহ ৩৫টি দেশ। প্রস্তাবের বিরোধিতা করেছে রাশিয়াসহ বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ ভোট।
বাংলাদেশের ভোটের ব্যাখ্যায় বৃহস্পতিবার সকালে একটি বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, সমস্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতিগুলো অবশ্যই সবাইকে মেনে চলতে হবে। বাংলাদেশ এটাও বিশ্বাস করে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে যেকোনো দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।
বিবৃতিতে ইসরায়েল দ্বারা ফিলিস্তিনি এবং অন্যান্য আরব ভূমি দখলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরূপ অভিন্ন অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের সংঘাতের ধারাবাহিকতা এবং এর বৈশ্বিক আর্থ-সামাজিক প্রভাব নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ বিশ্বাস করে যুদ্ধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার মতো বৈরিতা কোনো জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। সংলাপ, আলোচনা এবং মধ্যস্থতা হলো সংকট ও বিরোধ সমাধানের সর্বোত্তম উপায়।
বহুপাক্ষিকতাবাদে দৃঢ় বিশ্বাসী বাংলাদেশ জাতিসংঘকে সমর্থন করে। বাংলাদেশ সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায়।
এদিকে ভূখণ্ড দখলের মাধ্যমে সার্বভৌম কোনো রাষ্ট্রকে রাশিয়া মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে রাশিয়ার প্রচেষ্টা নিয়ে জাতিসংঘে ভোটাভুটির পর এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘এই সংঘাতের বাঁক সবার কাছে স্পষ্ট এবং বিশ্ব (মস্কোর কাছে) একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। আর তা হলো- রাশিয়া মানচিত্র থেকে একটি সার্বভৌম রাষ্ট্রকে মুছে ফেলতে পারে না।’













