বাড়াবাড়ি করলে খালেদাকে ফের জেলে পাঠানোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

0
4

সিবিকে ডেস্কঃ

সাজাপ্রাপ্ত হওয়ার পরও মানবিক কারণে সরকার খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ দিয়েছে। কিন্তু বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বেগম খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ, বয়োবৃদ্ধ। তার ভাই, বোনের জামাই আমাদের কাছে এসেছিল, আমরা মানবিক কারণে তার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

এসময় বিএনপির নেতাদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, যে দলের জন্ম অবৈধ ক্ষমতা দখলকারীদের হাতে; তারা আবার গণতন্ত্র কী উদ্ধার করবে, সেটাই আমার প্রশ্ন।

তিনি বলেন, বিএনপির দলটিতে মাথা কোথায়? তারা তো সবাই পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি। এরা ক্ষমতায় এলে, দেশটাকে কোথায় নেবে, তা কী ভেবেছে দেশবাসী? আর যারা এদের (বিএনপি) কথায় নাচে, তারা জ্ঞান-বুদ্ধি কোথায় রাখে আমি বুঝতে পারি না।

হাওয়া ভবনের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় তখন দেশে দুটো সরকার ছিল। একটা খালেদা জিয়ার সরকার আরেকটি হাওয়া ভবনের সরকার। বিএনপি এখন ক্ষমতায় থাকলে ভ্যাকসিন তো দূরের কথা, হাওয়া ভবনে গিয়ে, হাওয়া হয়ে যেতো ভ্যাকসিন! লাশের পর লাশ পড়ে থাকতো।

আন্দোলনের বিষয়ে বিএনপি নেতাদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে কোনো অরাজকতা করলে তাদের উচিত শিক্ষা দেয়া হবে। বিএনপি যদি আর একটা মানুষের গায়ে হাত দেয় তাহলে তাদের ছাড়া হবে না। যেমন কুকুর, তেমন মুগুর না হলে তো চলবে না!

আগেকক্সবাজার ক্রিকেট একাডেমীর প্রস্তুতি ম্যাচে সবুজ দলের জয়
পরেস্বয়ংক্রিয় একে-৪৭ থেকে গু*লি করা হয়েছে ইমরান খানকে