
মহেশখালী প্রতিনিধি:
আলাদ্দিনের চেরাগের গল্প আমরা সবাই জানি। চেরাগে ঘষা দিলেই দৈত্য বের হয়। ওই দৈত্যের কাছে যা চাওয়া হতো মুহূর্তেই তা পাওয়া যেতো। এখন সেই দিন না থাকলেও মহেশখালীর শহীদুল হকের জালে যে মাছ ধরা পড়েছে তার দাম অনেকটা আলাদ্দিনের চেরাগের মতোই।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে মাছগুলো ধরা পড়ে।
জানা যায়, বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে শহিদুল হকের মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া নামক ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে দুর্লভ প্রজাতির ৮টি কালো পোয়া মাছ। মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২৫ লাখ টাকা। ইতিমধ্যে ব্যবসায়ীরা ২২ লাখ টাকায় মাছ গুলো কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
ট্রলার মালিক শহিদুল হকের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে।
তার ছোট ভাই একে খান জানিয়েছেন, জেলেরা সকালে বঙ্গোপসাগরে জাল ফেলে। দুপুরে ওই জালে ৮টি দুর্লভ প্রজাতির কালো পোয়া মাছ ধরা পড়ে। মাছগুলো নিয়ে তারা দ্রুত এলাকায় চলে আসেন।
তিনি আরো জানান, দামি মাছগুলো পেয়ে তাদের পরিবারের সবাই খুশিতে আত্মহারা। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা মাছগুলো কেনার জন্য যোগাযোগ করছেন। তারা মাছের দাম হাঁকিয়েছেন ২৫ লাখ টাকা।
স্থানীয়রা জানান, অনেক ব্যবসায়ীরা মাছগুলো কেনার জন্য এসেছেন। কিন্তু দরদাম না হওয়ায় মাছগুলো এখনো বিক্রি হয়নি।
তারা আরো জানান, এর আগেও মাতারবাড়ির উপকূলে স্থানীয় ট্রলার মালিক মো. সৈয়দের জালে ১৬টি কালো পোয়া ধরা পড়েছিল। যেগুলো বিক্রি করা হয়েছিল ১৬ লাখ টাকায়।













