
নিজস্ব প্রতিবেদক:
রামুর গর্জনিয়ার শাহীনুর রহমান ওরফে ডাকাত শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রামু থানা পুলিশ কয়েকজন সহযোগী সহ শাহীনকে আটক করে। তার গ্রেপ্তারের খবরে রামু এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্বস্তি নেমে এসেছে।
রামু থানার ওসি মুহাম্মদ আনোয়ারুল হোসাইন ডাকাত শাহীনকে গ্রেপ্তারের কথা বললেও বিস্তারিত কিছু জানাননি। ওসি বলেন- পুলিশ সুপার মহোদয় নিজেই বিষয়টি দেখছেন। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।
শাহীন ডাকাতের বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যার অভিযোগ ১টি, ৫ টি ডাকাতি, ৩ টি অস্ত্র, ১টি মাদক, ৪ টি হত্যা চেষ্টার মামলা আছে।
স্থানীয় সূত্র জানায়- গর্জনিয়ার ইউপি সদস্য মনিরুল আলম তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় চলতি বছরের ১২ জানুয়ারি শাহিন ডাকাত গ্যাং তাকে মারাত্মকভাবে পিটিয়ে দুই পা ভেঙ্গে দেয়।
এর আগে গর্জনিয়ার মইন্যাকাটার ছুরুত আলম ও টাইমবাজারের আব্দুল হামিদকে মারধর এবং ব্যাপক নির্যাতন করে শাহীন ডাকাত গ্যাং। ছুরুত আলমকে মধ্যযুগীয় কায়দায় বেঁধে তার টর্সার সেলে নিয়ে গিয়ে বৈদ্যুতিক শক দেওয়ারও অভিযোগ আছে।
গত ১৮ জানুয়ারি রাত নয়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত শাহীন ডাকাত ও তার একজন সহযোগীকে বান্দরবান জেলার সদর থানাধীন মেঘলা এলাকা থেকে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তারের ১৭ দিনের মাথায় জামিনে বের হয়ে ফের বেপরোয়াভাব নেয় ডাকাত শাহীন ও তাঁর গ্যাং এর সদস্যরা।
এরই মধ্যে এলাকায় চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ইয়াবা ও গরু চোরাচালানসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে শাহীন বাহিনী। গেল ১২ মার্চ শাহীন তার মোটরসাইকেলে থাকা ইরফানকে হত্যা করে এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার অপচেষ্টা চালায়। এর পর পরই মাঝিরকাটার নবী সুলতান ও তাঁর চার ছেলে থেকে চাঁদা আদায় করতে না পেরে এলাকা ছাড়া করে তাঁদের পরিবারের লেবু বাগান লুট করে।
নবী সুলতান বলেন- ডাকাত শাহীন ও তার অস্ত্রধারী গ্যাং এর সদস্যরা অব্যাহত ভাবে হুমকি দিয়ে যাচ্ছিলো প্রতিনিয়ত। চাঁদা না দেওয়ায় তাঁর লেবু বাগানে ঢুকে ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দুই দফায় লাখ টাকার লেবু লুট করেছে। ডাকাত শাহীন ও তার গ্যাং এর সদস্যরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে বেলতলী, মাঝিরকাটা এবং আশপাশ এলাকায় মহড়া দেয়। সম্প্রতি গরু লুট করতে গিয়ে তার বাহিনী কচ্ছপিয়ায় গুলিবর্ষণ করে এবং দায়ের কোপে একজন গুরুত্বর আহত হয়। ডাকাত শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।











