
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে সৌদিয়া পরিবহনের ধাক্কায় হাফেজ মোঃ রিদুয়ান নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে নয়টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কফিল উদ্দিন জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহণ অটোরিকশাকে পেছন দিকে ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার দুই ঘন্টা পর তার মৃত্যু হয়।
নিহত হাফেজ মোঃ রিদুয়ান জোয়ারিয়ানালা মাদ্রাসার পরিচালক মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সন্তান। তার বাড়ি একই ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায়। সে সম্প্রতি শেষ হওয়া চট্রগ্রাম হাটহাজারি মাদ্রাসা থেকে আরবি সাহিত্যের উপর কোর্স সম্পন্ন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











