
নিজস্ব প্রতিবেদকঃ
মিয়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবা ব্যবসার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০ হাজার পিস ইয়াবা।
মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে কক্সবাজারের ঈদগাঁও ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আল মাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাজমপাড়ার মৃত সালেহ আহমদের ছেলে জাকির আহমেদ প্রকাশ জাকির (৩৯) ও একই এলাকার নুরুল বশরের ছেলে মো. ইসমাইল (৩৫)।
র্যাব জানায়, গত ১৫ জানুয়ারি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, জসিম উদ্দিন নামের এক যুবককে নির্যাতন করছেন মিয়ানমারের এক ইয়াবা ডিলার। ভিডিওতে জসিম নিজেই জানান, টেকনাফ সদর হাজমপাড়ার জকির নামের এক ইয়াবা ব্যবসায়ী তাকে মিয়ানমারের ইয়াবা ডিলারের কাছে বন্ধক রেখে ২৫ লাখ টাকার ইয়াবা নিয়ে আসেন।
ইয়াবার টাকা পরিশোধ না করায় মিয়ানমারের ইয়াবা ডিলাররা তাকে মারধর করেন। শারীরিক নির্যাতনের এ ভিডিও প্রকাশের পরই সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে জকির ও তার সহযোগী ইসমাইলকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, জকিরের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে টেকনাফ থানায় পাঁচটির বেশি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।













