কক্সবাজার খবর ডেস্কঃ
নগরীর ইপিজেড থানাধীন টিসিবি ভবনের পিছনে অভিযান চালিয়ে ছয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে ইপিজেড থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি ধারালো ছোরা ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হল-মোঃ বাবুল প্রকাশ বাবু (২২), মোঃ সবুজ (১৯), মোঃ আরিফ (২৬), মোঃ মামুন (২০) মোঃ নাদিম (১৫) ও মোঃ রিপন (১৯)। ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ নূরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
ইপিজেড থানার (ওসি) তদন্ত ওসমান গণি পূর্বকোণকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টিসিবি ভবনের পিছনে পুকুর পাড়ে বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু ও ছাগল ব্যবসায়ীদের নিকট থেকে টাকা-পয়সা ছিনতাই এবং ঘরমুখী মানুষের নিকট থেকে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার উদ্দেশে ধারালো ছোরা ও অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান করছে। সেই তথ্যমতে রাত ১টার দিকে অভিযান চালিয়ে ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহ্নত রামদা ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।