কক্সবাজার খবর ডেস্কঃ
চট্টগ্রামের চকবাজারে একটি দু’তলা ভবনের ছাদে পরিত্যক্ত পানির ট্যাংক থেকে ফাহিম শাখাওয়াত (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরের দিকে ডিসি রোডের আবু কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফাহিমের বাড়ি চান্দগাঁওয়ের বলিরহাট হলেও কর্মস্থলে যাওয়ার সুবিধার্থে তিনি আবু কলোনিতে চাচার বাসায় থাকতেন বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।
ফাহিম শাখাওয়াত ডিসি রোডের আনোয়ার হোসেনের ছেলে। নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে
তিনি বলেন, ‘ফাহিমের চাচার বাসার কাছেই ওই ভবনটির ছাদে একটি নষ্ট পানির ট্যাংক ছিল। সেটির উপর কাঠ ও টিন দিয়ে স্টোর রুম হিসেবে ব্যবহার করতেন বাড়ির মালিক। শুক্রবার সেখান দুর্গন্ধ ছড়ালে বাড়ির বাসিন্দারা উৎস খুঁজতে গিয়ে ট্যাংকের ভেতর লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ফাহিম ওই ভবনটিতে যাওয়ার কোনো কারণ এখনো জানা যায়নি।’
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, ২০ অগাস্ট সকালে চাকরিতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল ফাহিম। এরপর থেকে নিখোঁজ রয়েছে সে।












