বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাসক্ষেত্রের কাছে এক হাজার ১০০ টন কয়লাসহ একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জাহাজের ১২ জন ক্রু’র ৯ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জাহাজের ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা জানান, হেরা পর্বত-৮ নামের জাহাজটি সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের দিকে বঙ্গোপসাগরে ডুবে যায়।
জানা যায়, বন্দরের বহিঃনোঙ্গরে কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল হেরা পর্বত-৮। সাগরে থাকা অবস্থাতেই এ ঘটনা ঘটে।
এদিকে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কোস্টগার্ড ঘটনাস্থলে রয়েছে বলে জানা যায়।













