অনলাইন ডেস্কঃ
দুটি আম চুরির দায়ে এক ভারতীয় প্রবাসী শ্রমিককে সাজা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আদালত। ওই ব্যক্তিকে ৫ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে, যা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার সমান। এ ছাড়াও ওই শ্রমিককে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী ওই ভারতীয় সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানবন্দরে কাজ করতেন। ২০১৭ সালের আগস্টে বিমানবন্দরে কাজ করার সময় তিনি এক যাত্রীর ব্যাগ থেকে আম চুরি করেন। এ জন্য গত সোমবার তাঁকে জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অবশ্য যে দুটি আম নিয়ে এত কাণ্ড, সেগুলোর দাম মোটে ছয় দিরহাম (১৩৮ টাকার সমান)।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি জানান, ঘটনার দিন ২০১৭ সালের ১১ আগস্ট তিনি দুবাই বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে কাজ করছিলেন। যাত্রীদের ব্যাগ ও লাগেজ কনটেইনার থেকে কনভেয়ার বেল্ট রাখছিলেন। ওই ব্যক্তি বলেন, তিনি খুব তৃষ্ণার্ত ছিলেন। আশপাশে পানি পাননি। এ জন্য একটি ফলের বাক্স থেকে আম দুটি তুলে নেন।
দুবাই পুলিশ ওই ভারতীয়কে ২০১৮ সালের এপ্রিলে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ তাঁর বাড়িতে অনুসন্ধান চালিয়ে চুরি যাওয়া জিনিসের সন্ধান পায়নি।
সংশ্লিষ্ট এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সিসিটিভি ক্যামেরায় ওই ব্যক্তিকে একটি ব্যাগ খুলতে ও সেখান থেকে কিছু চুরি করতে দেখেছেন তিনি।













