
আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) সাতকানিয়া উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বচন কমিশন জানায়, এ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার মধ্যরাত পর্যন্ত সর্বশেষ প্রচার চালায় প্রার্থীরা।
উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩৮০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯৪ জন।
১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২৫টি কেন্দ্রে ৭০১টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দ্বারা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এম এ মোতালেব সিআইপি (নৌকা), বিএনপির প্রার্থী আবদুল গফফার চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আবদুল মোনায়েম মুন্না চৌধুরী (মোটরসাইকেল)।
মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- তারান্নুম আয়েশা (প্রজাপতি) ও আনজুমান আরা বেগম (কলসি)।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী- মোহাম্মদ শাহজাহান (তালা), সালাহ উদ্দিন হাসান চৌধুরী (বই), মোহাম্মদ জসীম উদ্দিন (চশমা), বশির উদ্দিন আহমদ (ধানের শীষ), আছিফুর রহমান সিকদার (মাইক) ও ওমর ফারুক লিটন (নলকূপ)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শেখ ফরিদ জানান, ইভিএম-এ ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার (১২ অক্টোবর) ভোটকেন্দ্রগুলোতে ‘মক’ ভোটিং চলেছে। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ থেকে জুন পর্যন্ত প্রায় চার শতাধিক উপজেলায় পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।











