সাংবাদিক পরিচয়ে ইলিশ শিকার, অতঃপর জেলহাজতে

0
6

কক্সবাজার খবর ডেস্কঃ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘সাংবাদিক’ পরিচয়ে বরিশালের কীর্তনখোলা নদীতে ইলিশ শিকারের সময় ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি ট্রলার, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে আটকদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে আটককৃত ‘কথিত সাংবাদিক’ হলো ঝন্টু, হাসিব, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, মোর্শেদ আলী ইমন, হাফিজুর রহমান ও রুহুল আমীন।

 

 

অভিযান পরিচালনাকারী ‘সিজিএস বগুড়া’ জাহাজের কনটিনজেন্ট কমান্ডার আকিবুল ইসলাম বলেন, এই চক্রটি প্রতি বছর ইলিশ শিকারে নিষেধাজ্ঞাকালীন ‘সাংবাদিক’ পরিচয়ে কৌশলে বিভিন্ন নদীতে ইলিশ শিকার করে আসছিল। এবারও একইভাবে ক্রাইম রিপোর্টার্স বরিশাল বিভাগ লেখা এক রংয়ের গেঞ্জি পরে শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে ইলিশ শিকার করছিল। এ সময় কোস্টগার্ডের অভিযানে তাদের আটক করা হয়।তখন তারা নিজেদের ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করে। এরপর মূল ঘটনা উদঘাটন হয়।

আটকদের মধ্যে দুই জনের সাংবাদিকতার পরিচয়পত্র পাওয়া গেছে। অপর ছয়জন ক্রাইম রিপোর্টার্স বরিশাল বিভাগের সদস্য এবং বাকি দুই জন জেলে।

 

 

 

 

বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, আটককৃত ১০ জনকে শুক্রবার রাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস ও মো. সাইফুল ইসলামের নেতৃত্বাধীন পৃথক ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।দণ্ড ঘোষণার পর তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত জাল ধ্বংস এবং ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

আগেমহিলা এমপি বুবলীর হয়ে পরীক্ষা দিচ্ছেন ৮ ভাড়াটে ছাত্রী!
পরেসাধারণ সম্পাদক পদ হারাতে পারেন ওবায়দুল কাদের!