রোহিঙ্গা সংকটে স্থানীয়দের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে

0
6

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজারে রোহিঙ্গাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, রোহিঙ্গাদের কারণে উখিয়া টেকনাফবাসীর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এখানকার পাহাড় বন গাছপালা ধ্বংস হয়ে গেছে।

দুর্গন্ধে ভারি হয়ে উঠেছে বাতাস। মাটির নিচে পানি পাওয়া যাচ্ছে না। তীব্র পানি সংকটে পড়েছে স্থানীয় লোকজন। যাতায়াতের রাস্তা ভেঙে তছনছ হয়ে গেছে। প্রতিমুহূর্তে নিরাপত্তার ঝুঁকিতে উৎকণ্ঠায় থাকে এলাকাবাসী।

 

 

গোলটেবিল বৈঠকের বক্তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বেশ কিছু দাবি এবং পরামর্শ দিয়েছেন। এসব দাবি বাস্তবায়নের জন্য কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি করারও ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় প্রেস ক্লাবে কক্সবাজারে উখিয়া সমিতির উদ্যোগে ‘রোহিঙ্গা সংকট মোকাবেলায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বায়ুদূষণ, মাটিদূষণ, পানি সংকট এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।

এই অবস্থায় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে হবে। তবে তা হতে হবে শর্তহীনভাবে।

বক্তারা উল্লেখ করেন, মিয়ানমার নানা শর্ত দিয়ে প্রত্যাবাসনে কৌশলে বাধা সৃষ্টি করছে। রোহিঙ্গারা যেভাবে স্রোতের মতো এসেছে সেভাবে শর্তছাড়া তাদের ফিরিয়ে নিতে হবে। গোলটেবিল বৈঠকে প্রত্যাবাসন ত্বরান্বিত করার জন্য কূটনৈতিক তত্পরতা বৃদ্ধিসহ পরিত্যাক্ত খালি বনভূমিতে পরিকল্পিত বনায়ন এবং স্থানীয় শিক্ষিত বেকারদের চাকরি প্রদান করতে হবে। তদুপরি ক্যাম্প এলাকায় স্থায়ী অবকাঠামো নির্মাণ বন্ধ করতে হবে।

রোহিঙ্গা শিবিরে ১০ হাজার নলকূপ স্থাপন করায় গোটা উখিয়া-টেকনাফ এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। এ কারণে রোহিঙ্গা শিবির এলাকায় গভীর নলকূপ স্থাপন বন্ধ করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে নদী ও খাল থেকে পানি সংগ্রহ করে পানীয় জলের সংকটের সমাধান করতে হবে। এ ছাড়া স্থানীয়দের জন্য নানা সহযোগিতার বরাদ্দ বাড়াতে হবে। স্থানীয়দের জন্য বিশ্বব্যাংক, জাইকা  ও এডিবির প্রদানকৃত টাকা জুলাইয়ের মধ্যে বরাদ্দ দিতে হবে।

 

 

 

গোলটেবিল বৈঠক আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও কমিটির সচিব স্থানীয় দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক আয়ুবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আলোচনায় অংশ নেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কক্সবাজার কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার কমার্স কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান,  কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আয়াছুর, খাইরুল আলম চৌধুরী, অধ্যাপক মফিদুল আলম, অধ্যাপক আলমগীর মাহমুদ, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, চট্টগ্রামে উখিয়া সমিতির সভাপতি অ্যাডভোকেট ছমি উদ্দিন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কামাল উদ্দিন রহমান পেয়ারো।সুত্রঃকালেরকন্ঠ

আগেনির্বাচনকে সামনে রেখে বনপার বিভাগীয় সমন্বয়ক কমিটি গঠিতঃ ভোটার হওয়ার শেষ তারিখ ১লা নভেম্বর
পরেকাউয়ারখোপ বিএনপির নেতা শাহিনের পিতার মৃত্যুঃ লুৎফর রহমান কাজলের শোক