
কক্সবাজার খবর ডেস্কঃ
কর্ণফুলী নদীতে জ্বালানি তেল ছড়িয়ে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় অয়েল ট্যাংকার দেশ-১ মালিককে তিন কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার দুপুরে এক শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম মহানগর) আজাদুর রহমান মল্লিক।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, পরিবেশ অধিদপ্তরের নোটিশের প্রেক্ষিতে রোববার লাইটারেজ জাহাজ সিটি-৩৮ ও দেশ-১ এর মালিকপক্ষ পরিবেশ অধিদপ্তরে হাজির হন। সেখানে তাদের উপস্থিতিতে কর্ণফুলী নদীতে দেশ-১ থেকে জ্বালানি তেল নিঃসরণের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির অপরাধে দেশ-১ এর মালিকপক্ষের বিরুদ্ধে তিন কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় এবং অবিলম্বে তা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার ভোরে কর্ণফুলী নদীতে লাইটারেজ জাহাজ সিটি-৩৮ এর সঙ্গে অয়েল ট্যাংকার দেশ-১ এর সংঘর্ষ হয়। এতে দেশ-১ জাহাজটি ফুটো হয়ে নদীতে বিপুল জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। ঘটনার পরপর চট্টগ্রাম বন্দরের বে-ক্লিনার-১ ও বে ক্লিনার-২ সহ ছয়টি জাহাজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ভাসমান আট টন তেল তুলতে সক্ষম হয়।
খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের একটি দল শনিবার ঘটনাস্থল পরিদর্শন ও পানির নমুনা সংগ্রহ করে। একই সঙ্গে নিঃসরণের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অভিযোগ এনে জাহাজ কর্তৃপক্ষকে রোববার পরিবেশ অধিদপ্তরে হাজির হতে নোটিশ দেয়।











