বিদায় নিলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, রাতেই দেশ ত্যাগ

0
2

কক্সবাজার খবর  ডেস্ক:
মন্ত্রী পরিষদ সচিব হিসেবে মোহাম্মদ শফিউল আলমের আজ সোমবার (২৮ অক্টোবর) ছিল শেষ কর্ম দিবস। নিজের কাজ সুস্থভাবে শেষ করে নতুন বিশ্ব ব্যাংকের বাংলাদেশের বিকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়ে আজ রাতেই দেশ ত্যাগ করে ওয়াশিংটনে যাচ্ছেন। তিনি তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

পুরো চার বছর মন্ত্রিপরিষদ সচিব হিসাবে দায়িত্ব পালনের পর এবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসাবে যোগ দিচ্ছেন শফিউল আলম। আর নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসাবে যোগ দিচ্ছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শেষ কর্মদিবসে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এই পদে চার বছর দায়িত্ব পালনের তার স্মৃতি চারণ করেন।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব হিসাবে আমার আজ শেষ সেশন ছিল, তাই মন্ত্রিসভা আমাকে ধন্যবাদ জ্ঞাপন করে।

শফিউল আলম বলেন, আমি আজকে ঠিক চার বছর পূর্ণ করলাম। ২০১৫ সালের ২৯ অক্টোবর শুরু করেছি, ২৮ অক্টোবর শেষ করলাম।

একজন আমলা হিসাবে কাজ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে সময় পার করা নিয়েও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। ‘আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি, খুব স্বাচ্ছন্দ্য ফিল করেছি আপনাদের সঙ্গে কাজ করতে। আপনারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, আমরা সরকারি কাজ করি এ রকম কখনও মনে হয়নি। আমরা একসঙ্গে একই কলিগের মতো কাজ করেছি। সবাই মিলে কাজ করেছি। আপনাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমরা।’

দীর্ঘ কর্ম জীবনে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিসভার বৈঠক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ব্রিফ করে আসা শফিউল আলম ভুল-ত্রুটির জন্য নিজেকে পরিশুদ্ধ করে নিতে ভোলেননি। বলেন, এরপরও আমাদের পক্ষ থেকে কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকে, কোনো কিছুর ব্যত্যয় হয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভাল থাকবেন।

তিনি বলেন, একটা সময় ছিলো যখন মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত দিনের পর দিন ঝুলে থাকতো। উন্নয়ন যেমন পিছিয়ে পড়তো, তেমনি মানুষের ভোগান্তি হতো অবর্ণনীয়। সে পদ্ধতি থেকে সরকারি কর্মকর্তাদের কাজে গতি ফেরাতে পেরেছেন বলে উল্লেখ করেন। কখনো কখনো রাত অবধি কাজ করতে হয়েছে। যা এখন নিয়মেই পরিণত হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ অক্টোবর তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগদান করেন। এবার অতিরিক্ত দায়িত্ব নিয়ে ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে ১ নভেম্বরে যোগ দিচ্ছেন তিনি। পরবর্তী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পাচ্ছেন।

আগেচকরিয়ায় সড়ক দূর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা তুষারের মৃত্যু
পরেরোহিঙ্গাসহ পৃথিবীর আলো দেখতে পেল ১৩ শিশু