
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। রোববার ১৭ নভেম্বর ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে সীমান্তে টহল দিতে গেলে ১০-১২ জনের একদল লোককে দেখতে পায় বিজিবি সদস্যরা। এসময় তাদেরকে থামতে বললে তারা বিজিবি সদস্যদেরকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে গুলিবর্ষণকারীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ পাওয়া যায়। প্রাথমিক সনাক্তে তারা মাদক ব্যবসায়ী এবং রোহিঙ্গা বলে তথ্য পেয়েছে বিজিবি। নিহতরা সঙ্ঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।











