হাতির আক্রমণে প্রাণ গেল শিক্ষক, কৃষক ও মিস্ত্রির

0
9

কক্সবাজার খবর ডেস্কঃ

বোয়ালখালী উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরায় হাতির আক্রমনে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৫টা থেকে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কধুরখীল ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল করিম জানান, সকালে ৪/৫টি হাতি কধুরখীল তৈয়বিয়া তাহেরীয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সের পূর্বপাশে শরীফ পাড়া এলাকায় শস্যক্ষেতে কাজ করছিল স্থানীয় আবদুল লতিফ মিস্ত্রির সন্তান আবু তাহের মিস্ত্রি (৬০)। এসময় হাতি আক্রমণ করে বসে। হাতির আক্রমণে তার মাথা থেঁতলে যায়। স্পটেই তার মৃত্যু ঘটে। তিনি ৩পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের বাড়ি কধুরখীল শরীফপাড়া আলী আহমদ মিস্ত্রির বাড়ি। অন্যদিকে পূর্ব সৈয়দনগরে হাতির আক্রমণে মারা গেছেন খরণদ্বীপ বিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের হোছাইন (৬৫)। তিনি চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব সৈয়দনগর জাকের মাস্টারের বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।

নিহতের কন্যা ফাহমিনা আফরোজ তারিন জানান, সকালে চাঁন্দারহাট জামে মসজিদের পাশে হাতির পাল তার বাবাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়াতে চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেন। পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে তিনি জানান। এদিকে হাতিগুলোর একটি তপাল পাহাড়ের দিকে যাওয়ার পথে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের আমির পাড়ার আবদুল মাবুদ (৬০) নামে এক কৃষককে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইৃউপি সদস্য মো. হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতির আক্রমণে আবদুল মাবুদের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আলী আহমদের ছেলে। তার ১ছেলে ৩মেয়ে রয়েছে।

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকি পূর্বকোণকে জানান, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। হাতিগুলো দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলের আছে জানিয়ে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, গত শনিবার ভোরে জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে ৮টি হাতি। দিনভর হাতিগুলো পূর্ব কধুরখীল দারোগার বাড়ি এলাকায় অবস্থান নেয়। আজ সকালে দুভাগে বিভক্ত হয়ে একদল কধুরখীল -চরণদ্বীপের দিকে যায়। অন্যদল খরণদ্বীপ হয়ে পাহাড়ের দিকে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আগেবিটিআরসিকে ২ হাজার কোটি টাকা দিতে হবে গ্রামীণফোনের
পরেসোমবার বান্দরবান জেলা আ’লীগের সম্মেলন