
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৌবাহিনীর একটি ঘাঁটিতে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পাল্টা গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে বলে এসকাম্বিয়া কাউন্টির শেরিফের দপ্তর জানিয়েছে।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে পেনসাকোলা নেভাল এয়ার স্টেশনে এই হামলা হয়।
এর মাত্র দুদিন আগে হাওয়াইয়ের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর এক নাবিকের গুলিতে দুই বেসামরিক নিহত ও একজন আহত হন।
শেরিফের দপ্তর জানায়, সকালে ঘাঁটিতে এক বন্দুকধারীকে মোকাবেলা করা হয়েছে। তার কয়েক মিনিট পর হামলাকারী নিহত হয়। বিডিনিউজ
শেরিফ ডেভিড মরগান এক সংবাদ সম্মেলনে বলেন, তার একজন ডেপুটি ঘাঁটির একটি শ্রেণিকক্ষে ওই হামলাকারীকে গুলি করে মেরেছেন।
হামলাকারীর নাম-পরিচয় সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি।
মরগান বলেন, ‘ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন এটা সিনেমার সেট।’













