
সংবাদ বিজ্ঞপ্তি
প্রথমবারেরমতো মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে কক্সবাজার পৌরসভা। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ পৌর পরিষদের আন্তরিক সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। রোববার দুপুরে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় পৌর এলাকার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা সংবর্ধিত হন। এসময় সভাপতির বক্তব্যে মেয়র মুজিবুর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধা থাকা উচিত। সে জন্য পৌরসভা এমন মহতি উদ্যোগ নিয়েছে। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান মেয়র। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সব রকমের সযোগ সুবিধা দেয়ারও প্রতিশ্রুতি দেন মেয়র মুজিবুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কাউন্সিলর সালাউদ্দিন সেতুসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে উপস্থিত সকলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।











