
মোঃ আরাফাত সানী, টেকনাফ থেকে
কক্সবাজার টেকনাফে ২ কেজি শক্তিশালী মাদক আইস সহ মো: আব্দুল্লাহ নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা বুধবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার গোলাল নবীর ছেলে। এসময় আব্দুর রহমান নামে তার এক সহোদর পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, বেশ কিছুদিন যাবৎ মিয়ানমার থেকে শক্তিশালী মাদক আইস বা “ক্রিস্টাল মেথ” এর চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজর রাখা হচ্ছিল।
বুধবার দুপুরে জাদিমুড়া এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুই কেজি আইস উদ্ধার করা হয় আটক করা হয় মো: আব্দুল্লাহকে। এসময় তার সহোদর আব্দুর রহমান পালিয়ে যায়।
পরে মাদকের চালান ল্যাবরেটরিতে পাঠিয়ে নিশ্চিত হন উদ্ধার মাদক শক্তিশালী আইস। যা ভয়ংকর মাদক ইয়াবার চেয়ে বুহগুন শক্তিশালী বলে জানান তিনি।
যা ইতিমধ্যে দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। এ ঘটনায় ধৃত যুবককে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।













