
রামুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
আল মাহমুদ ভূট্টো :
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যে রামুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার ( ৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। সূচনা বক্তব্য রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন।
রুবিনা পারভিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, তথ্যসেবা কর্মকর্তা তথ্যআপা সুমি খাতুন, এনজিও সংস্থা ইপসা প্রতিনিধি পপি আকতার, প্রাণী সম্পদ স্বাস্থ্যকর্মী জেসমিন আকতার প্রমূূখ। রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পুরুষ তান্ত্রিক সমাজে সন্তান ধারণ, লালন-পালন থেকে শুরু করে পরিবারের সকল কাজই নারীদের করতে হয়। সংসার সামলানোর পাশাপাশি অনেক নারী চাকরীসহ বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন। বৈষম্য কমিয়ে সমতা অর্জনের পথে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমাদের উদ্যোগ নিতে হবে। ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন, নারী সহিংসতা রোধে আমাদের এগিয়ে আসতে হবে। ঘরে- বাইরে সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করনে পরিবার, সমাজ তথা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে।













