
সিবিকে ডেস্কঃ
চাকরি থেকে অবসরের পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকছেন অধ্যাপক ড. শিরীণ আখতার।
অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য আগামী ২৯ মার্চ সকালে উপাচার্যের কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রত্যাবর্তন করবেন তিনি। একই দিন বিকেলে আনুষ্ঠানিকতা শেষে উপাচার্য পদে আবারও যোগদান করবেন ড. শিরীণ আখতার।
মাঝখানে কিছু সময়ের জন্য কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক মহিবুল আজিজ উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশেক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক অফিস আদেশে এসব বিষয় জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নূর-ই আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য আগামী ২৯ এপ্রিল পূর্বাহ্নে তার মূল কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রত্যাবর্তনপূর্বক একই দিন অপরাহ্নে ভাইস চ্যান্সেলর পদে যোগদানের অনুমতি দেয়া হলো এবং ভাইস চ্যান্সেলর ড. শিরীণ আখতারের অনুপস্থিততে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মহিবুল আজিজকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হলো।











