
রামু প্রতিনিধিঃ
রামুতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ১৯মে বুধবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা সওদাগর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলার স্বীকার শাহাব উদ্দিন বর্তমানে আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। হামলার শিকার শাহাব উদ্দিনের স্ত্রী ধলু আক্তার জানান , দীর্ঘদিন ধরে উখিয়ারঘোনা সওদাগর পাড়া গ্রামের মৃত সফর মুল্লুক এর পুত্র শাহাব উদ্দিন এর সাথে একই এলাকার হারুনর রশিদ এর ছেলে ওমর ফারুক ও কলিম উল্লাহর মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। জমির বিরোধকে কেন্দ্র করে ওমর ফারুক ও কলিম উল্লাহর নেতৃত্বে ৫/৬জন ভাড়াটে সন্ত্রাসী সংঘবদ্ধ ভাবে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শাহাব উদ্দিন এর বাড়ির সামনে এসে তার উপর হামলা চালায়। এসময় শাহাব উদ্দিনের স্ত্রী ধলু আক্তার হামলাকারীদের কবল থেকে স্বামীকে উদ্ধারের চেষ্টা করলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায়। হামলায় সন্ত্রাসীদের এলো পাতাড়ি মারের আঘাতে শাহাব উদ্দিন এর মুখের ৩টি দাঁত ফেলে দেয় এবং তার স্ত্রী ও গুরুতর আহত হয়। এক পর্যায়ে হামলার স্বীকার শাহাব উদ্দিন চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে স্বামী-স্ত্রী দু’জনকে হামলার কবল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরবর্তীতে শাহাব উদ্দিনের শারিরিক অবস্থার অবনতি হলে ২০মে সকালে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে শাহাব উদ্দিন আশংকা জনক অবস্থায় মৃত্যু যন্ত্রণায় মেডিকেল কলেজের বেডে কাতরাচ্ছেন। এদিকে দিন দুপুরে জমি বিরোধ কে কেন্দ্র করে এধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। তারা অভিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের কে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। এদিকে শাহাব উদ্দিন ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তার পরিবার।এব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।













