
জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
অর্থ আত্মসাৎ করে অপহরণ নাটকের পর পুলিশের অভিযানে আটক হয়েছে উখিয়া উপজেলার কুতুপালং এর আল আরাফাহ ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) ক্যাশিয়ার হামিদ হোসেন।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১৯ লাখ ৯২ হাজার টাকা।
রবিবার (৪জুলাই) রাতে টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া এলাকা থেকে তাকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।এর আগে গত ৩০ জুন বালুখালী এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ কর্তৃক তাকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষথেকে থানায় অভিযোগ করা হয়েছিল। পরে ২ জুলাই রাতে নস্ত্রাসীরা তাকে মুক্তিদেয় বলেও প্রচার করে পরিবার।
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ২০ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে ইকবাল নামে একজন হামিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ তদন্তে নামার পর পালিয়ে বেড়াচ্ছিল হামিদ। এক পর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আল ইয়াকিন তাকে অপহরণ করেছে বলে দাবি করে তার পরিবার।
তিনি আরও বলেন, হামিদকে জিজ্ঞাসাবাদের পর জাহাঙ্গীর নামের একজনের বাড়ী থেকে ১৯ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।পুরো ঘটনাটি তদন্ত করেছে পুলিশ।
উল্লেখ্য, ৩০ জুন সকালে নিজ বাড়ী হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক কুতুপালং শাখায় যাওয়ার পথে বালুখালী পানবাজার এলাকা থেকে নিখোঁজ হয় বলে থানায় অভিযোগ করে তার পরিবার। বালুখালী থেকে তাকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ হারাকা আল ইয়াকিনের সদস্যরা তুলে নেয় বলেও দাবি করেছিল হামিদের পরিবার।













