চাচা দেশে আসছেন শুনে ভাতিজার ‌‘আত্মহত্যা’, চাচি গ্রেফতার

0
5

সিবিকে ডেস্কঃ

রাজধানীর মিরপুরে লিমন ফকির (২৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করেছেন পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, চাচির সঙ্গে ওই তরুণের প্রেমের সম্পর্ক ছিল। চাচা দেশে আসার খবরে সেই সম্পর্ক অস্বীকার করেন চাচি। এ কারণে ভাতিজা লিমন আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় অভিযুক্ত চাচিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব মনিপুরের ১১৩৩ নম্বর বাসা থেকে লিমন ফকিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন ভোরের দিকে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।

নিহত লিমনের স্বজনদের বরাত দিয়ে ওসি মোস্তাজিরুর রহমান বলেন, লিমনের চাচা মালদ্বীপ প্রবাসী। কয়েক বছর আগে তিনি টেলিফোনে বিয়ে করেন। আত্মীয়তার সম্পর্কে প্রায়ই লিমনের বাসায় যাতায়াত করতেন চাচি। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ওসি আরও বলেন, স্বামী শিগগিরই মালদ্বীপ থেকে দেশে আসছেন বলে লিমনকে জানান তিনি। এরপর তিনি আর লিমনের সঙ্গে দেখা করতে যান না। বিষয়টি লিমন মেনে নিতে পারেননি। এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় লিমনের মা আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করেছেন। সেই মামলায় লিমনের চাচিকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জানা যায়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শনিবার দুপুরে লিমনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আগেযে ৫ কারণে টি২০ ‘বিশ্বকাপ’ জেতার দাবিদার পাকিস্তান
পরেডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার