
নিজস্ব প্রতিবেদকঃ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশের মতো কক্সবাজারেও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটে আটকে পড়া পর্যটকদের বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছে দিচ্ছে কক্সবাজার জেলা পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় বিষয়টি জানিয়েছেন কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, যে সমস্ত পর্যটক কক্সবাজারে বেড়াতে এসে আটকে গেছেন, তাদেরকে জেলা পুলিশের নিজস্ব পরিবহনে বিনা খরচে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। এজন্য যারা ফিরতে ইচ্ছুক তাদের কক্সবাজার পুলিশ লাইনে এসে যোগাযোগ করতে হবে। সেখানে তাদের সহযোগিতা করার জন্য আমাদের লোকজন রয়েছেন।
এদিকে ধর্মঘটের কারনে কক্সবাজারে আটকা পড়েছে প্রায় ১০ হাজার পর্যটক। তারা বলছেন, ভ্রমন শেষে ফিরতে না পারলে আর্থিক ও কর্মস্থলে নানান সংকট তৈরি হবে। দ্রুত সময়ে জনদুর্ভোগ লাঘবে ধর্মঘট প্রত্যাহার হবে এমন আশাবাদ সকলের।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, গণপরিবহন বন্ধের বিষয়টি জাতীয় ইস্যু। এ ব্যাপারে সরকারের দ্রুত সিদ্ধান্ত আসার কথা। এরপরও অসুবিধায় পড়া পর্যটকরা প্রশাসনের সহযোগিতা চাইলে পদক্ষেপ নেওয়া হবে।













