
নিজস্ব প্রতিবেদকঃ
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চেইন্দা লম্বাঘোনা এলাকায় লোকালয়ে ঢুকে পড়েছে একটি হাতির পাল। তাদের বনে ফেরাতে গিয়ে আহত হয়েছেন বন বিট কর্মকর্তাসহ পাঁচজন।
শনিবার (৬ নভেম্বর) দুপুর পর্যন্ত হাতিগুলো দক্ষিণ মিটাছড়ির চেইন্দার লম্বাঘোনা পাহাড়ে অবস্থান করছে।
আহতরা হলেন— কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানিরছড়া বিট কর্মকর্তা সোহেল রানা, বাপ্পি, সাইদুল হোসেনসহ আরও দুইজন ইআরটি সদস্য।
পানিরছড়া বিট কর্মকর্তা সোহেল রানা জানান, শনিবার ভোরে ১৬টি ছোট-বড় হাতির একটি পাল দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা এলাকায় ঢুকে পড়ে। খবর পেয়ে হাতিগুলো বনে ফেরানোর চেষ্টা চালায় বনকর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা।
জঙ্গল ঘন হওয়ায় তাদের বনে ফেরানোর চেষ্টা বারবার ব্যর্থ হয়। দুপুরে ফাঁকা গুলি করা হলে হাতির পাল থেকে তিনটি হাতি বন বিভাগ ও ইআরটি সদস্যদের দিকে এগিয়ে আসে। এ সময় পালাতে গিয়ে পাঁচজন আহত হন। হাতিগুলোকে বনে ফেরানোর জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বনকর্মকর্তারা।













