
চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিনকে পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর মনোনয়ন দাবি করেছে স্থানীয়রা। নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ইউনিয়নের শতশত নারী পুরুষ।
বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ভেন্ডিবাজারস্থ প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা দাবি করেন, নৌকা প্রতীকের মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন পারোয়ানাভুক্ত মামলার আসামি হয়েও আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে তথ্য গোপন করে, মিথ্যা তথ্য দিয়ে মনোনয়ন নিয়েছে। তারা প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের নির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীকে নৌকা প্রতীকের প্রার্থীতা দিতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি পুন:বিবেচনার আহবান জানান ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলমগীর কবির রাজু, সদস্য কামাল হোসেন মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আবুল মনসুর মো. মহসিন, ক্রীড়া সম্পাদক মাহমুদুল করিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, ফাঁসিয়াখালী ইউনিয়ন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় ঐক্য পরিষদের সভাপতি অনিমেষ রঞ্জন দে, সাধারণ সম্পাদক নরোত্তম দাশ, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি এজাহার মেম্বার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত, ছাত্রলীগের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, ছাত্রলীগের বর্তমান সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, চতুর্থ দফায় আগামী ২৬ ডিসেম্বর চকরিয়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।













