
নিজস্ব প্রতিবেদকঃ
সতর্কতা সংকেত উঠে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল আবার শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটক নিয়ে সাতটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপার ভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।
রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিনগামী সব ধরনের জাহাজ চলাচল এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় একদিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় পর্যটকদের আবাসিক হোটেলের কক্ষ ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।
সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, হঠাৎ জাহাজ বন্ধ হওয়ায় চার হাজার পর্যটক আটকা পড়লেও অনেক পর্যটক নিজ উদ্যোগে কাঠের ট্রলার ও স্পিডবোট যোগে সেন্টমার্টিন ত্যাগ করেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, সতর্ক সংকেত প্রত্যাহার করায় মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি থেকে আগের নিয়মে টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করেছে।













