
টেকনাফ প্রতিনিধি:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ৮৩২ বোতল বিদেশি মদ ও ২ হাজার ৫২ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ছেঁড়া দ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রংয়ের ৭০টি বস্তা জব্দ করা হয়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে ৮৩২ বোতল বিদেশি মদ (গ্রান্ড রয়েল) এবং ২০৫২ ক্যান বিয়ার (আন্দামান) জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত বিদেশি মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।













