
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে মো. আজিমুল্লাহ (৩৩) নামক রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বালুখালী ১৮ ক্যাম্প-বি ব্লকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী ক্যাম্পের হেড মাঝি আজিমুল্লাহকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় রোহিঙ্গারা উদ্ধার করে তাকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৮ এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।












