
নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম ধরে কটূক্তির অভিযোগে কক্সবাজারের পেকুয়ায় ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ইউপি চেয়ারম্যান ছাড়াও ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোছাইন, মগনামা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের হেলালি ও মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল কবিরকে আসামি করেছেন তিনি।
পেকুয়া থানার ওসি ফরহাদ আলী পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, গত শনিবার বিকেলে মগনামা ইউনিয়ন পরিষদ ভবনের নিচতলায় ইউনিয়ন মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আ’লীগ দলকে কুলাঙ্গার বলে মন্তব্য করেন। তাদের চরম ধৃষ্টতার কারণে মামলাটি দায়ের করি। আশা করি প্রশাসন দ্রুত আসামিদের গ্রেপ্তার করবে।
তবে অভিযোগ অস্বীকার করে আসামি মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, আমি আ’লীগ পরিবারের সন্তান। যুবলীগের পর আ’লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছি। পরিষদ ভবনে বিএনপির রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আমি অবগত নয়। ব্যক্তিগত কাজে ওইদিন কক্সবাজার ছিলাম। রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে মামলায় ফাঁসিয়েছে।













