
কক্সবাজারের উখিয়া বালুখালী খাল এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ কোটি টাকা মূল্যের ৩ লক্ষ ৫৬ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। চট্টগ্রাম র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী খাল এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোররাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদীমুড়া এলাকার সৈয়দ আলমের ছেলে মো. জাহিদ আলম(২৫) ও একই এলাকার সৈয়দ আলমের মো. ফরিদ আলমকে (২১) আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামিদের হেফাজতে থাকা ৩টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ৩ লাখ ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামি এবং উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।













