
নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় নুরুচ্ছালাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অপরাধে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন— চকরিয়ার ইসলাম নগরের বাসিন্দা সাবের আহমেদ, মহিউদ্দীন ও গিয়াস উদ্দীন। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন তারা।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালে চকরিয়ার ইসলাম নগরের নুরুচ্ছালাম নামে এক ব্যক্তি পথ দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে গতিরোধ করে চোর আখ্যা দিয়ে মারধর করে। একপর্যায়ে গাছে বেঁধে মারাত্মকভাবে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সুলতানুল আলম জানান, দীর্ঘ ১৫ বছর ধরে মামলাটির বিচারিক কার্যকম চলে। অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।













