পেকুয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু, ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

0
11

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে মাহি বিন করিম (১৩) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ফুটবল খেলা শেষে সহপাঠীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।

মাহি পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাড়ি উপজেলার রাজাখালী ইউনিয়নের সিকদার পাড়ায়। সে ওই এলাকার সৌদি প্রবাসী মাহমুদুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা আজম বলেন, মাহিসহ ৮/১০ জন শিক্ষার্থী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানা মাহি পানিতে ডুবে যায়। পরে সালাহ উদ্দিন নামের এক ফুটবল খেলোয়াড় তাকে উদ্ধার করে। আমরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, মাহি পানিতে ডুবে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজনকে জানাই। ঘটনাস্থলে আসলেও তাদের ডুবুরির কোন টিম নেই বলে জানায়।  তাদের অবহেলার কারণেই মাহির করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ছাত্রদের অভিযোগ, দমকল বাহিনীর লোকজন পুকুর পাড়ে গিয়েও তারা ডুবুরি নেই অজুহাত দেখিয়ে পুকুরে নামতে অস্বীকৃতি জানান। পরে সালাহ উদ্দিন নামে একজন ফুটবলার পুকুরে নেমে মাহির লাশ উদ্ধার করেন।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সভাপতি পূর্বিতা চাকমা বলছেন, ‘বৃহস্পতিবার স্কুল ছুটির পর ছাত্ররা উপজেলা পরিষদের মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে ৮ ছাত্র পরিষদের পুকুরে গোসল করতে নামে। সবাই উঠে আসলেও মাহিকে দেখতে না পেয়ে সন্দেহ হয় বন্ধুদের। এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আগেরামুতে ৭ম শ্রেণির ছাত্র ৪ দিন ধরে নিখোঁজ
পরেচোর বানিয়ে পিটিয়ে হত্যা: কক্সবাজারে ৩ জনের যাবজ্জীবন