
নিজস্ব প্রতিবেদকঃ
রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে ৪ ফসলি জমিতে আনসার-ভিডিপি ভবন নির্মাণে ৮ একর জমি অধিগ্রহনের খবরে ক্ষুব্দ গ্রামবাসী মানববন্ধন করেছে।
৪ সেপ্টেম্বর(রবিবার) সকাল ১১টায় রামু উপজেলা শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে প্রাণের বিনিময়ে হলেও আনসার-ভিডিপি কার্যালয় ভবন নির্মাণকাজ ঠেকানোর ঘোষনা দেন অংশগ্রহনকারি কৃষক ও গ্রামবাসী। বক্তারা আরো বলেন, পূর্ব মেরংলোয়া গ্রামের এ বিলটি ৪ ফসলি। এখানে ধানচাষের পাশাপাশি বিভিন্ন সবজির আবাদ করে এলাকার হাজারো কৃষক জীবিকা নির্বাহ করে। ইতিপূর্বে এ বিলে ইটভাটা সহ বিভিন্ন প্রকার স্থাপনা নির্মাণের চেষ্টা হলে গ্রামবাসী এবং রামুর সর্বস্তরের জনতা তা রুখে দিয়েছিলো। এবারও রুখে দেবে। প্রয়োজনে জান যাবে, তারপরও এখানে কোন স্থাপনা হতে দেয়া হবে না।

পূর্ব মেরংলোয়া কৃষি ভূমি রক্ষা আন্দোলনের সমন্বয়ক জয়নাল আবেদিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মুক্তিযোদ্ধা গোলাম কবির, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, রামু মানবাধিকার কমিশনের সভাপতি হাফেজ আহমদ, ভূমি মালিক ও সঙ্গীত প্রযোজক বশিরুল ইসলাম, শিল্পী গোলাম মোস্তফা বাবুল, রোকন উদ্দিন এমইউপি সহ স্থানীয় কৃষক, ভূমি মালিকসহ এলাকার শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা এর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।













