
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মরা মাছ। সৈকতের শৈবাল পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত যতদূর চোখ যায় শুধু মাছ আর মাছ। ঢেউয়ের তোড়ে এসব ছোট প্রজাতির মাছ বালিয়াড়িতে ওঠে আসছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে জোয়ারের সময় এসব মৃত মাছ ভাসতে দেখা যায়।
এসব মরা মাছ দেখতে উৎসুক জনতার ভীড় নেমেছে সৈকতে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বেশ আলোড়ন তুলেছে বিষয়টি।
স্থানীয়রা জানায়, সৈকতের কলাতলীর আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ হিসেবে পরিচিত। তবে এর শুদ্ধ বা বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করে জানাতে পারেনি।
সিনিয়র সাংবাদিক মোফাজ্জল হোসেন শাকিল বলেন, কক্সবাজার সৈকতে আজ অস্বাভাবিকভাবে ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে এসেছে। সবাই যে যার প্রয়োজন মতো কুড়িয়ে নিয়ে যাচ্ছে বাসায়। কিছুদিন আগে ভেসে আসা জেলিফিশ এখনও পড়ে আছে সৈকতজুড়ে। এসব অস্বাভাবিক ঘটনা প্রকৃতির কোন ছন্দপতন নাকি সাগরে বড় ধরনের কোন বিপর্যয়— সেসব নিয়ে আমাদের গবেষকদের দারস্থ হওয়া উচিত।
সৈকতের বিচকর্মী মাহাবুবুর রহমান জানান, ঢেউয়ের সঙ্গে হঠাৎ বিপুল পরিমাণ ছোট ছোট মরা মাছ ভেসে আসে। সঙ্গে সঙ্গে কৌতূহলী মানুষের সমাগম বেড়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি আমরা।
টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের ওসি দেলোয়ার বলেন, হঠাৎ সমুদ্রের পর্যটকরা মাছ কুড়াতে থাকে। তাদের দেখাদেখিতে ভীড় আরও বাড়ে। পরে গিয়ে দেখি নানান প্রজাতির মাছ ঢেউয়ের সাথে ভেসে আসছে। এই মাছগুলো কোথায় থেকে কিভাবে এসেছে সেটা বলা যাচ্ছে না এখনই।
এর আগে সমুদ্র সৈকতটিতে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।













